×

আন্তর্জাতিক

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:১২ পিএম

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্ক ফের তুঙ্গে। তিন বছর আগে দেওয়া নিজের বিতর্কিত মন্তব্যকে আবারও উসকে দিয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘সনাতন ধর্ম অবশ্যই নির্মূল করতে হবে।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি।

তামিলনাড়ু বিধানসভার নতুন স্পিকার জেসিডি প্রভাকরকে অভিনন্দন জানানোর সময় উদয়নিধি স্ট্যালিন এই মন্তব্য করেন। সে সময় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ও উপস্থিত ছিলেন। উদয়নিধি বলেন, মানুষকে বিভক্তকারী এই ধর্মীয় মতবাদকে সমাজ থেকে পুরোপুরি দূর করা প্রয়োজন।

তিন বছর আগে উদয়নিধি ‘সনাতন ধর্ম’কে ম্যালেরিয়া ও ডেঙ্গুর সঙ্গে তুলনা করে তা নির্মূল করার কথা বলেছিলেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।

উদয়নিধির এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। কোয়েম্বাটোর দক্ষিণের সাবেক বিধায়ক বনতি শ্রীনিবাসন বলেন, ‘নির্বাচনে শোচনীয় হারের পরও উদয়নিধি নিজের ভুল সংশোধন করতে পারেননি। যদি সনাতন ধর্ম তথা হিন্দুধর্ম নির্মূল করাই ডিএমকের নীতি হয়, তবে নির্বাচনের আগে ইশতেহারে কেন তা উল্লেখ করা হয়নি?’ তিনি ডিএমকের বিরুদ্ধে হিন্দুদের অপমান করার পুরোনো অভ্যাস বজায় রাখার অভিযোগও আনেন।

বিজেপির রাজ্য শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রাবিড়বাদের নামে যারা তামিল সংস্কৃতি ধ্বংস করছে, তাদের এই মন্তব্য ক্ষমার অযোগ্য। ভোটের সময় কেন তাঁরা এই কথা বলেনি- সেই প্রশ্নও তুলেছে গেরুয়া শিবির।

বিতর্ক প্রশমিত করতে ডিএমকে মুখপাত্র সরবনন আন্নাদুরাই বলেন, ‘তামিলনাড়ুর মানুষ সনাতন ধর্মকে কঠোর বর্ণপ্রথার প্রতীক হিসেবে দেখে। উদয়নিধি আসলে সেই বর্ণবৈষম্য দূর করার কথা বলেছেন। তিনি কোনো ধর্মের বিরুদ্ধে নন, বরং বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করছেন।’

অন্যদিকে, ডিএমকের সাবেক মিত্র কংগ্রেস এই ইস্যুতে উদয়নিধির পাশেই দাঁড়িয়েছে। কংগ্রেসের জেএমএইচ হাসান মৌলানা বলেন, ‘তামিলনাড়ুতে সনাতন ধর্ম কখনোই সফল হবে না। এখানকার মানুষ অনেক বেশি প্রগতিশীল।’

পরবর্তীকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ উদয়নিধি স্পষ্ট করে বলেন, ‘আমি বলেছি মানুষকে বিভক্তকারী সনাতন ধর্মকে নির্মূল করতে হবে। এর মানে এই নয় যে কেউ মন্দিরে যাবে না। এর অর্থ হলো- মন্দির থেকে সমাজ, সব জায়গাতেই সবার সমান অধিকার থাকতে হবে।’

তামিলনাড়ুর সাম্প্রতিক নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের জয়ের পর উদয়নিধির এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App