নেতানিয়াহুর সফরের কথা ফাঁসে ক্ষুব্ধ আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন সফরের তথ্য ফাঁস হওয়ায় সংযুক্ত আরব আমিরাত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এ ঘটনায় ইসরায়েলের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে দেশটি। আজ শুক্রবার (১৫ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে সফরের বিষয়টি প্রকাশ হওয়ার ঘটনাকে ভালোভাবে নেয়নি আমিরাত। দেশটির কর্মকর্তাদের মতে, তথ্য ফাঁস করা নেতানিয়াহুর দপ্তরের একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। গোপন কূটনৈতিক তথ্য এভাবে প্রকাশ করার কারণে নেতানিয়াহুকে কখনো আনুষ্ঠানিকভাবে সফরের আমন্ত্রণ জানায়নি আমিরাত।
২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও এখন পর্যন্ত আমিরাতে কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণ পাননি নেতানিয়াহু। তবে মুসলিম দেশ হিসেবে আমিরাত তাকে গোপনে উষ্ণ অভ্যর্থনা দিয়ে আসছিল।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছিল, গত ২৬ মার্চ ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধের সময় নেতানিয়াহু আমিরাতের আল-আইনে এসেছিলেন। সেই সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দারাও আমিরাত সফর করেছেন।
