কঙ্গোতে ইবোলার প্রকোপে ৬৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:০২ পিএম
ছবি- সংগৃহীত
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ‘আফ্রিকা সিডিসি’ জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ জন।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে আফ্রিকা সিডিসি জানায়, স্বর্ণখনি সমৃদ্ধ মোঙ্গওয়ালু এবং রওয়ামপারা শহরে এই ভাইরাসের বিস্তার সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবিলায় কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানসহ আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রাজধানী কিনশাসায় ২০টি নমুনার প্রাথমিক পরীক্ষায় ১৩টিতেই ইবোলার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মৃত ৬৫ জনের মধ্যে চারজন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত ছিলেন। ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতেও বেশ কিছু সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। বিবিসি জানিয়েছে, আজ শুক্রবার বিকালেই এ বিষয়ে কঙ্গো সরকারের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
১৯৭৬ সালে কঙ্গোতেই প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয়। মূলত বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ানো এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ক্লান্তি, মাথাব্যথা ও গলাব্যথা। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব।
২০২১ সাল থেকে ইতুরি প্রদেশটি সামরিক শাসনাধীন। সশস্ত্র গোষ্ঠী দমনে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নতুন করে ইবোলার থাবায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কঙ্গোতে ইবোলায় প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত বছর কাসাই প্রদেশে প্রাণ হারান আরও ৪৫ জন।
