যুক্তরাষ্ট্রের রোষানলে রাউল কাস্ত্রো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:০২ পিএম
রাউল কাস্ত্রো। ছবি- সংগৃহীত
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার (১৪ মে) এই তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ৯৪ বছর বয়সী রাউলের বিরুদ্ধে এই সম্ভাব্য মামলাটি মূলত একটি বিমান ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত। রাউল কাস্ত্রো কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, মামলাটি ১৯৯৬ সালের একটি ঘটনার সঙ্গে জড়িত। সে সময় ‘ব্রাদার্স অব দ্য রেসকিউ’ নামের একটি মানবিক সহায়তা সংস্থার বিমান গুলি করে ভূপাতিত করা হয়। ওই ঘটনায় কয়েকজন নিহত হয়েছিলেন।
এই বিষয়ে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মার্কিন বিচার বিভাগের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার বর্তমান কমিউনিস্ট সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ বলে আখ্যা দিয়ে আসছে। সম্প্রতি কিউবার ওপর চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে দ্বীপ রাষ্ট্রটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এর ফলে কিউবায় বিদ্যুৎ বিভ্রাট তীব্র আকার ধারণ করেছে এবং দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
