×

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:১৮ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত

ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) গোপনে অংশ নিয়েছিল বলে দাবি করেছে একটি প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম। যুদ্ধের শুরু থেকে গত এপ্রিলের যুদ্ধবিরতি ঘোষণার পরদিন পর্যন্ত ইরানের বিভিন্ন কৌশলগত ও জ্বালানি স্থাপনায় বেশ কয়েকবার বিমান হামলা চালায় আমিরাত। এসব অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব তাদের সরাসরি গোয়েন্দা সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৯ মে) মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ চলাকালে আবুধাবির এই অভিযানগুলো পরিচালিত হয়েছিল সম্পূর্ণ ত্রিদেশীয় সমন্বয়ের মাধ্যমে। ইরানে নিখুঁতভাবে হামলা চালাতে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো আমিরাতকে সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে আমিরাতের প্রধান লক্ষ্যবস্তু ছিল হরমুজ প্রণালির কৌশলগত বিভিন্ন দ্বীপ, গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং ইরানের প্রধান প্রধান জ্বালানি অবকাঠামো। এর মধ্যে একটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও দ্বীপভিত্তিক তেল শোধনাগারেও হামলা চালায় আমিরাতের বিমানবাহিনী।

আমিরাতের এই আকস্মিক হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছিল। তারা আমিরাতের বেশ কিছু তেল ও গ্যাস স্থাপনায় বিমান হামলা চালায়। তবে সে সময় এই হামলার ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছিল আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা এর সব পরিণতির জন্য সরাসরি ইরানকে দায়ী করেছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, যুদ্ধে আমিরাতের এমন সরাসরি সামরিক জড়িয়ে পড়ার বিষয়টি প্রতিবেশী দেশ সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি করেছে। হামলার কারণে আঞ্চলিক জ্বালানি খাত ঝুঁকির মুখে পড়তে পারে এবং বিশ্ব তেলের বাজারে ধস নামতে পারে বলে ওয়াশিংটনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল রিয়াদ।

এই সংঘাতের জেরে গত এপ্রিলের শেষ দিকে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে দাঁড়ায় আমিরাত। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে নিজেদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করে তারা। প্রতিবেদন দাবি করেছে, সংঘাত চলাকালীন আমিরাতের সুরক্ষায় দেশটিতে নিজেদের অত্যাধুনিক ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন করেছিল ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত মালিক গ্রেপ্তার

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত মালিক গ্রেপ্তার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে অংশ নিয়েছিল আমিরাত

জাতিসংঘকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

জাতিসংঘকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App