পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত রাজ্য বেলুচিস্তানের ৫টি জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে বলা হয়েছে, গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের ম্যাসটাং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ যৌথ বাহিনী। আরও বলা হয়েছে, গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারগামী একটি ট্রেনে হামলার পর এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত ২৪ মে কোয়েটা থেকে পেশোয়ারগামী সেই ট্রেনটি সেনাকর্মকর্তা, সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল। বোমা-বিস্ফোরণের জেরে ট্রেনটিতে ২৪ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরো ৭০ জন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “৫ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি ঘাঁটি এলাকায় অভিযান চালনা হয়েছে। এ সময় তাদের সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে এবং এতে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। ঘাঁটিগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট এবং তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার রেকর্ড পুলিশ স্টেশনগুলোতে রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্বাধীনতাকামী আন্দোলন শুরু হয়েছে ১৯৪৭ সাল থেকে। তখন থেকেই দেশটির সেনাবাহিনী কঠোর হাতে আন্দোলন দমন করছে।
সূত্র : জিও টিভি
