পাকিস্তানে ভারত-সমর্থিত ১৭ সন্ত্রাসী নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পরিচালিত একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গত ২৪ মে কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনার পর বেলুচিস্তানের মাস্তুঙ্গ, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় ধারাবাহিক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক আস্তানায় অভিযান চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেনাবাহিনীর দাবি, এতে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখিত একটি ভারত-পৃষ্ঠপোষক গোষ্ঠীর ১৭ সদস্য নিহত হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মতে, এ অভিযানের মাধ্যমে ওই অঞ্চলে সক্রিয় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে।
অভিযান শেষে বিভিন্ন আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
সামরিক বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সংঘটিত বিভিন্ন নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
আইএসপিআর জানায়, গত ২৪ মে কোয়েটার চামান ফটক এলাকায় রেললাইনের পাশে সংঘটিত বিস্ফোরণে ফ্রন্টিয়ার কর্পসের তিন সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হন এবং নারী-শিশুসহ অনেক মানুষ আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই সাম্প্রতিক অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, আফগানিস্তানে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে।
এছাড়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, কিছু স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠী ভারতের সহায়তায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে এ ধরনের অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বেলুচিস্তানের সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
