দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাকা এক বৈঠকে দলের ২০ জন সংসদ সদস্য বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঘটনাচক্রে, ঠিক একই সময়ে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে তাদেরই দলের দীর্ঘদিনের সাংসদরা তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন।
বিদ্রোহী ব্লকের নেত্রী হিসেবে ঘোষিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বৈঠকের আহ্বায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, ওই বৈঠকে উপস্থিত সাংসদ শর্মিলা সরকার বলেছেন, একাধিক বিদ্রোহী সাংসদ কেন্দ্রে এনডিএ জোটকে সমর্থন জানাবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই এই নতুন ব্লকটি সংসদে শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে।
তবে রাজ্যে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে গঠিত আলাদা তৃণমূল ব্লকের সঙ্গে এই সংসদীয় বিদ্রোহী ব্লকের সম্পর্ক আছে কিনা—এ প্রশ্নের উত্তর দিতে চাননি শর্মিলা সরকার।
অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় তাঁর পদ ও দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
একই দিনে ওই সময়েই দিল্লিতে কংগ্রেসসহ ‘ইন্ডিয়া’ ব্লকের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়ান।
সূত্র: বিবিসি
