×

আন্তর্জাতিক

তীব্র দাবদাহে যুক্তরাজ্যে সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

তীব্র দাবদাহে যুক্তরাজ্যে সতর্কতা

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে চলমান তীব্র দাবদাহের প্রেক্ষাপটে যেসব গাড়িতে কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) নেই, সেসব গাড়ির চালকদের জরুরি প্রয়োজন ছাড়া দীর্ঘ ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির মোটরচালকদের অন্যতম প্রধান সংগঠন আরএসি (RAC) এ সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত গরমে গাড়ি বিকল হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্ধারকারী সেবা পেতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ বুধ ও বৃহস্পতিবারের জন্য সর্বোচ্চ মাত্রার ‘রেড ওয়েদার ওয়ার্নিং’ জারি করার পর এ নির্দেশনা সামনে আসে। আরএসি’র সড়ক নিরাপত্তাবিষয়ক মুখপাত্র রড ডেনিস বলেন, এ ধরনের চরম আবহাওয়া সতর্কতা খুব কমই জারি করা হয়। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। তার মতে, যেসব গাড়ির এসি ঠিকমতো কাজ করছে না, তাদের আবহাওয়া সহনীয় না হওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকাই ভালো। আর ভ্রমণ করতেই হলে দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে যাত্রা করার পরামর্শ দেন তিনি। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

চলতি জুন মাসে গাড়ি বিকল হওয়ার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে সাধারণ সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি গাড়ি বিকল হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকারী দলগুলো অতিরিক্ত চাপের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে মোটরচালকদের আরেক সংগঠন এএ (AA)-এর প্রেসিডেন্ট এডমন্ড কিং বলেন, দাবদাহের কারণে রাস্তা রক্ষায় শীতকালে ব্যবহৃত বিশেষ যানবাহন বা গ্রিটার মোতায়েন করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সাধারণত শীতকালে বরফ গলাতে এসব যান থেকে লবণ ছিটানো হয়। তবে অতিরিক্ত গরমে রাস্তার পিচ নরম হয়ে যাওয়া বা গলে যাওয়ার ঝুঁকি কমাতে এগুলোর মাধ্যমে বালু ছড়িয়ে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাতাসের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি থাকলে রাস্তার উপরিভাগের তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। গত মাসে ইস্ট অ্যাংলিয়ার বিভিন্ন স্থানে গরমে রাস্তার পিচ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও দেখা গেছে।

এডমন্ড কিং আরও বলেন, রাস্তা পুরোপুরি গলে না গেলেও অনেক জায়গায় পিচ নরম ও আঠালো হয়ে যেতে পারে। এতে গাড়ির ব্রেক ও স্টিয়ারিং নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মোটরসাইকেল ও সাইকেল আরোহীদের জন্য এমন পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ। তাই চালকদের গতি কমিয়ে চালানো এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রচণ্ড গরমে টায়ারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা টায়ার বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। একই সঙ্গে কোনো অবস্থাতেই পার্ক করা গাড়ির ভেতরে পোষা প্রাণী রেখে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ বন্ধ গাড়ির অভ্যন্তর খুব দ্রুত বিপজ্জনক মাত্রায় উত্তপ্ত হয়ে উঠতে পারে।

দাবদাহের প্রভাব শুধু সড়ক পরিবহনেই সীমাবদ্ধ নয়, রেল যোগাযোগেও এর প্রভাব পড়ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন ও বিভিন্ন ধাতব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নেটওয়ার্ক রেল একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এর ফলে লন্ডনের প্যাডিংটন থেকে রেডিং রুটে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে আগামী শুক্রবার পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কম ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ট্রান্সপোর্ট ফর ওয়েলস এবং সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের নেটওয়ার্কেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সম্ভাব্য ট্রেন বাতিল বা সময়সূচির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App