কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের লাহোর শহরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ার ঘটনায় অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও কয়েকজন শিশু আহত হয়েছে, যাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, ‘দুর্ঘটনার পর ১৯ জন শিশুকে কাহনা তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চালানো উদ্ধার অভিযান ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুরা ক্লাস করছিল। হঠাৎ করেই ছাদ ধসে পড়ে।
এ ঘটনায় ভবনের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ছাদ ধসের কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনাটির তদন্ত প্রতিবেদন তলব করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের জুলাই মাসে করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত এবং ১০ জন আহত হয়।
সূত্র: জিও নিউজ
