কিয়েভে রুশ বাহিনীর হামলা, নিহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরো ৫৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর টিকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেপোস্ট করা পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
টেলিগ্রাম বার্তায় তিনি লিখেছেন, ‘বুধবার কিয়েভ এবং তার আশপাশের কমপক্ষে ৩৬টি এলকায় ইউএভি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছ রুশ বাহিনী।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বুধবার রাতের হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, কিয়েভ এবং তার আশপাশের এলাকার সামরিক এবং বিদুৎ উৎপাদন ও সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে বুধবার রাতের সামরিক অভিযানে দূরপাল্লার হাই-প্রিসিশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর মধ্যে প্রধানত ইউক্রেনীয় বিমানবাহিনীর বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রুশ বিবৃতিতে।
হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে এক সরকারি সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছিলেন। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন তিনি।
সেই সঙ্গে ইউক্রেনের জনসাধারণকে সতর্ক থাকা এবং ফের হামলা শুরু হলে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন জেলেনস্কি।
সূত্র: এএফপি, আলজাজিরা
