ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলা, নিহত ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২৪ জন।
তুরস্কে ন্যাটোর হাই-প্রোফাইল সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে, ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের আগের দিন, আজ সোমবার (৬ জুলাই) ভোরে কিয়েভে এই হামলা চালাল রাশিয়া।
শহরের কেন্দ্রজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষতিগ্রস্ত বহুতল আবাসিক ভবনগুলোতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। বিভিন্ন ভবনে আঘাত হানার পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় আগুনও ছড়িয়ে পড়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, ‘সোমবার ভোরে পোদিলস্কি এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ওপরের তলা থেকে শিশুসহ বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। তবে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে। হামলার সময় পুরো শহরে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হলে অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান ‘
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, মস্কো নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার ভয়াবহ এক হামলায় ৩০ জন নিহত হওয়ার পর এখন আবার এই হামলা চালানো হলো। ওইদিনের হামলাটি ছিল যুদ্ধ শুরুর পর কিয়েভে তৃতীয় সর্বোচ্চ প্রাণঘাতী আক্রমণ।
সূত্র: সিএনএন
