×

আন্তর্জাতিক

গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৮ পিএম

গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর

ছবি : সংগৃহীত

কাগজে-কলমে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর কেটে গেছে দীর্ঘ আটটি মাস। কিন্তু গাজা উপত্যকার শান্তির বিন্দুমাত্র আভাস নেই। উলটো সেখানে ইসরায়েলি হামলা ও চরম অমানবিক বাস্তুচ্যুতির সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে।

অবরুদ্ধ এই উপত্যকায় এখনো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মরদেহ নিখোঁজ অবস্থায় পড়ে আছে। আর লাখ লাখ মানুষের আশ্রয়শিবিরগুলোতে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঝাঁকে ঝাঁকে ইঁদুর। যেগুলো রাতে ঘুমন্ত শিশুদের কামড়ে ক্ষতবিক্ষত করছে।

মঙ্গলবারও ইসরায়েলের হামলায় গাজায় একজন নিহত ও ৫ জন আহত হয়। খবর সিএনএনের।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ১৯ লাখেরও বেশি মানুষ বর্তমানে বাস্তুচ্যুত। দীর্ঘ আট মাস ধরে তারা অপরিসর, বাতাস চলাচলের অযোগ্য অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এবং বর্জ্য অপসারণের যন্ত্রপাতি না থাকায় চারপাশ ময়লা ও পয়ঃবর্জ্যরে পানিতে ভেসে যাচ্ছে। 

গাজা সিটি একাই এখন ২৫ মিলিয়ন টন ধ্বংসস্তূপ ও আবর্জনার স্তূপ পরিণত হয়েছে। এই চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গাজার প্রায় ৮০ শতাংশ আশ্রয়শিবিরে চর্মরোগ ও মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সেখানে মশা, মাছি, নেকড়ে ও ইঁদুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। 

‘মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস’ (গঅচ)-এর জরুরি বিভাগের প্রধান স্যালি সালেহ জানিয়েছেন, বড় বড় ইঁদুর এখন সরাসরি মানুষের ওপর, বিশেষ করে রাতে ঘুমন্ত শিশু, নবজাতক এবং প্রতিবন্ধী মানুষদের ওপর আক্রমণ করছে। অনেক বাবা-মা তাদের সন্তানদের ইঁদুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়েছেন। 

শুধু তা-ই নয়, এই ইঁদুরগুলো ত্রাণের চাল-ডালের বস্তা কেটে খাবার নষ্ট করছে। দীর্ঘ দুই বছরের বোমা হামলা ও অবরোধের পর, গত বছরের ১১ অক্টোবর মার্কিন ও ইরানি মধ্যস্থতায় ইসরাইল এবং হামাসের মধ্যে দুই পর্বের একটি চুক্তি সই হয়েছিল। 

শর্ত অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রিকরণ এবং একটি নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি বা আন্তর্জাতিক বাহিনীর হাতে গাজার শাসনভার হস্তান্তরের কথা ছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এর কোনোটিই বাস্তবায়ন হয়নি। তথাকথিত এই যুদ্ধবিরতির মধ্যেও গাজায় মৃত্যুর মিছিল থামেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১,০৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪২৯ জনেরও বেশি।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চুক্তি সই হওয়ার পর থেকে গাজায় গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারাচ্ছে।

জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন গত জুন মাসে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েল গাজায় শিশুদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে মূলত ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App