×

আন্তর্জাতিক

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

ছবি : সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বনিম্ন অবস্থানে আফগানিস্তান।

মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।

সূচকটি তৈরি করা হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। যদিও গত বছর এ সংখ্যা ছিল ৩৭টি।

গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে দেশটি ছিল ৯৭তম স্থানে। ২০২০ সালে অবস্থান ছিল ৯৮তম। আর ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম। এবার দেশটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে উঠে এসেছে।

এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পান।তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকরা ১৮৭টি দেশে ভ্রমণ করতে পারেন।

আরো পড়ুন : ৩৮.৬ শতাংশ বাংলাদেশির স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১১টি দেশ- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভ্রমণের সুযোগ পান। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৫টি দেশে ভ্রমণ করতে পারেন।

ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। তাদের নাগরিকদের জন্য উন্মুক্ত ১৮৪টি দেশ। সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এসব দেশের নাগরিকরা ১৮৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

অষ্টম স্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার নাগরিকরা ১৮২টি, নবম স্থানে থাকা লিচেনস্টেইন ও লিথুনিয়ার নাগরিকরা ১৮১টি এবং দশম স্থানে থাকা আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ১৮০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। দুই দেশের নাগরিকরা ১৬৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার অবস্থান যথাক্রমে ৩১তম ও ৪২তম। ইউক্রেনের নাগরিকরা ১৪২টি এবং রাশিয়ার নাগরিকরা ১১৪টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

ইসরায়েল রয়েছে ১৮তম অবস্থানে। দেশটির নাগরিকরা ১৬৬টি দেশে ভ্রমণ করতে পারেন। অন্যদিকে ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম স্থানে রয়েছে। তাদের নাগরিকরা ৩৭টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

সৌদি আরবের অবস্থান ৫৪তম। চীন ও কসোভো যৌথভাবে রয়েছে ৬০তম স্থানে। চীনের নাগরিকরা ৮৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। হাইতি ও ভিয়েতনামের অবস্থান ৮৭তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি রয়েছে ৫২তম স্থানে এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।ভারতের অবস্থান ৮১তম। ভারতীয় নাগরিকরা ৫৫টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পান।

ভুটান রয়েছে ৮৮তম স্থানে, যেখানে ৪৭টি দেশে ভ্রমণের সুযোগ রয়েছে। মিয়ানমার ৯১তম, শ্রীলঙ্কা ৯৪তম এবং বাংলাদেশ ৯৭তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল, যার অবস্থান ৯৮তম এবং ভিসামুক্ত গন্তব্য ৩৪টি। পাকিস্তান রয়েছে ১০১তম স্থানে। দেশটির নাগরিকরা ২৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

সবশেষে ১০৪তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে রয়েছে ইরাক (১০২তম) ও সিরিয়া (১০৩তম), যাদের ভিসামুক্ত গন্তব্য যথাক্রমে ২৮ ও ২৫টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App