×

আন্তর্জাতিক

ইউনিসেফ

যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু

ছবি : সংগৃহীত

বিশ্বের ২১টি দেশের প্রায় ২ কোটি ইন্টারনেট ব্যবহারকারী শিশু গত এক বছরে অনলাইনে অন্তত এক ধরনের যৌন শোষণ বা নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের (UNICEF) প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন তৈরিতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ওপর পরিচালিত জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে অংশ নেওয়া প্রায় প্রতি পাঁচজনের একজন জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে তারা অন্তত এক ধরনের যৌন শোষণ বা নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ২১টি দেশের তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি স্কুলে নিষিদ্ধ হলো এআই

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রায় দেড় কোটি শিশু অনিচ্ছাকৃতভাবে যৌন বিষয়বস্তুর সংস্পর্শে এসেছে। পাশাপাশি প্রায় ৯০ লাখ শিশুকে যৌন আলাপ বা যৌন ছবি আদান-প্রদানের জন্য চাপ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রায় ৪০ লাখ শিশুর যৌন ছবি তাদের অনুমতি ছাড়াই অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিসেফের আশঙ্কা, বিশ্বজুড়ে এ ধরনের যৌন শোষণ ও নির্যাতনের শিকার শিশুর প্রকৃত সংখ্যা কয়েক কোটি হতে পারে।

সংস্থাটি জানায়, ভুক্তভোগী অনেক শিশু এসব ঘটনা প্রকাশ করতে পারে না কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় না। ফলে বাস্তব চিত্র আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৩

ইউনিসেফের মতে, এটি শিশুদের অনলাইন যৌন শোষণ ও নির্যাতন নিয়ে পরিচালিত সবচেয়ে বড় গবেষণাগুলোর একটি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ২১টি দেশে প্রায় ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর ওপর জাতীয় প্রতিনিধিত্বশীল জরিপ চালানো হয়। এসব দেশের মধ্যে কেনিয়া, পাকিস্তান, ব্রাজিল ও সার্বিয়াও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনের প্রায় ৬০ শতাংশ ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ধরনের ঘটনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মের নাম এসেছে। আর প্রায় ১৪ শতাংশ ঘটনা ঘটেছে অনলাইন গেমিং প্ল্যাটফর্মে।

এ বিষয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটার (Meta) এক মুখপাত্র দাবি করেন, জরিপের তথ্য ২০২০ সাল পর্যন্ত পুরোনো। এরপর কিশোরদের সুরক্ষায় প্রতিষ্ঠানটি বেশ কিছু নতুন ব্যবস্থা নিয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়, এসব ব্যবস্থার মধ্যে কিশোরদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত রাখা এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের কাছ থেকে তাদের কাছে বার্তা আসা ঠেকানোর উদ্যোগ রয়েছে।

মেটার ওই মুখপাত্র আরও বলেন, প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের অ্যাপ হিসেবে বিবেচনা করে।

ইউনিসেফের প্রতিবেদনে শিশুদের ওপর নির্যাতনের নির্দিষ্ট কোনো প্রমাণ দেওয়া হয়নি বলেও দাবি করেছে মেটা। তবে শিশু যৌন শোষণ প্রতিরোধে নিজেদের সব প্ল্যাটফর্মে কঠোরভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App