ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
ছবি : সংগৃহীত
ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া লড়াইয়ে উভয় পক্ষের যোদ্ধাদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষও।
দুই পক্ষের সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলের তাইজ এবং দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে। লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো লক্ষ্য করে বড় ধরনের অভিযান শুরু করেছে হুথি বাহিনী।
আরও পড়ুন: আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সরকারি বাহিনীর ৮৪ জন সেনা নিহত হয়েছেন। তাদের দাবি, নিহতদের অধিকাংশই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন।
অন্যদিকে, হুথিদের সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, একই সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।
তীব্র লড়াইয়ের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরও। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সংঘর্ষ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
