×

আন্তর্জাতিক

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর...

ছবি : সংগৃহীত

ব্রাজিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এক কাল্পনিক নারীর প্রেমে পড়ে নিজের সব সম্পত্তি বিক্রি করেছেন ৪৯ বছর বয়সী এদিমার মার্টিনস। ওই নারীর সঙ্গে দেখা করে জীবন শুরু করার স্বপ্ন নিয়ে প্রায় ১ হাজার ৯৩১ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যে নারীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশা করেছিলেন, বাস্তবে তাঁর কোনো অস্তিত্বই নেই।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মারানহাওয়ের বাসিন্দা মার্টিনস পেশায় একজন রাজমিস্ত্রি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েক বছর আগে এক নারীর প্রতি আকৃষ্ট হন তিনি। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখতে থাকেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টিভি মিরান্তেকে মার্টিনস জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেসিকা অলিভেইরা’ নামের একটি অ্যাকাউন্ট তাঁর নজরে আসে। অ্যাকাউন্টটিতে লক্ষাধিক অনুসারী ছিল। সেখানে প্রকাশিত একটি ভিডিওতে এক নারীকে খামারে মনোরম গ্রামীণ পরিবেশে জীবনযাপন করতে দেখা যায়। ভিডিওতে ওই চরিত্রটি পুরুষদের তাঁর সঙ্গে থাকার আমন্ত্রণ জানাত এবং থাকার জায়গা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিত।

মায়ের মৃত্যুর পর একাকীত্বে ভুগছিলেন মার্টিনস। তাঁর ধারণা হয়েছিল, ওই নারী হয়তো তাঁকে নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করবেন। অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে আর্থিক সহায়তা ও খামারে থাকার জায়গা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

সব সম্পত্তি বিক্রি করে পাড়ি দেন ১ হাজার ৯৩১ কিলোমিটার

ওই নারীর সঙ্গে দেখা করার দৃঢ় প্রত্যয় নিয়ে মার্টিনস নিজের সব সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ অক্টোবর বিক্রি করা সম্পত্তি থেকে পাওয়া অর্থ নিয়ে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসের রাজধানী বেলো হোরিজন্তের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

বাসে এক দিনেরও বেশি সময় ভ্রমণের পর ১১ অক্টোবর সেখানে পৌঁছান মার্টিনস। কিন্তু শহরে পৌঁছেই তাঁর স্বপ্ন ভেঙে যায়। ওই নারীর ছবি দেখিয়ে স্থানীয় লোকজনের কাছে তাঁর পরিচয় জানতে চান তিনি। তবে কেউই ছবির নারীকে শনাক্ত করতে পারেননি।

পরে একটি স্থানীয় রেডিও স্টেশনে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত চরিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

‘দুঃখ, হতাশা আর বিষণ্নতা বয়ে আনে’

ঘটনার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে মার্টিনস বলেন, ‘এটি কেবল দুঃখ, হতাশা আর বিষণ্নতাই বয়ে আনে। অনেকেই হয়তো কোনো সম্পর্কের সন্ধানে ছিল, তাই আমিও এসেছিলাম।’

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটির নেপথ্যে থাকা ব্যক্তি পরে স্বীকার করেন, নারী চরিত্রটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে মার্টিনসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করেন তিনি।

ভ্রমণে নিজের সব অর্থ ব্যয় করে বেলো হোরিজন্তে শহরে অসহায় অবস্থায় পড়ে যান মার্টিনস। একপর্যায়ে সাহায্যের জন্য পৌর কর্তৃপক্ষের দ্বারস্থ হন তিনি। পরে সমাজকর্মীরা তাঁর পাশে দাঁড়ান। তাঁকে খাবার, গোসলের সুবিধা এবং শহর ছেড়ে যাওয়ার জন্য বাসের টিকিট দেওয়া হয়।

হতাশ হলেও জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি

এত বড় হতাশার মুখে পড়েও জীবনসঙ্গী খোঁজার আশা ছাড়েননি মার্টিনস। বর্তমানে তিনি এক আত্মীয়ের বাড়িতে থাকছেন। ভবিষ্যতে আবারও বেলো হোরিজন্তে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। সেখানে এমন কাউকে খুঁজে পাওয়ার আশা করছেন, যার সঙ্গে স্থায়ীভাবে জীবন কাটাতে পারবেন।

মার্টিনস বলেন, ‘আমি তাকে খুঁজে পাইনি, তবে অন্য কাউকে নিশ্চয়ই খুঁজে পাব। আর সেটি সেই একই জায়গায় হবে যেখানে আমি আগে গিয়েছিলাম—আমি আবারও সেখানে যাব।’

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App