‘সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলেও বাজেটে বরাদ্দ রাখেনি’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ না থাকায় উত্তরাঞ্চলের মানুষ হতাশ হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা ও অবৈধ পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের প্রস্তুতির বিষয়ও তুলে ধরেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবির পক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তিনি দাবি করেন, সংসদে সরকার ও বিরোধী দলের নেতারাও প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের আগে বর্তমান সরকারপ্রধানও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে কোনো বরাদ্দ না থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে রংপুর সফরে সরকারপ্রধান গণভোট ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচন-পরবর্তী সময়ে গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল এবং প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যাসহ সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা ও অবৈধ পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ ও হয়রানি নিরসনের আহ্বান জানান।
সংবাদ ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রংপুর বিভাগের আট জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
