হত্যাচেষ্টা মামলায় আসামি হলেন এমপি গাজী নজরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ এএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।
তিনি জানান, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোন্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করে মঙ্গলবার পল্লবী থানায় মামলাটি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আমিনুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।
গাজী নজরুল ইসলামের ভাড়া করা ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন মামলার বাদী ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেন, তাকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীতে তার বোনের বাসায় থাকতেন। আত্মীয়তার সূত্রে গাজী নজরুল ইসলাম ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে অবহিত করেন এবং নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এরপর থেকেই তাকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আরো পড়ুন : এমপি নজরুলের আসন নিয়ে ইসির ব্যাখ্যা
এজাহারে বলা হয়, সম্প্রতি মগবাজারের একটি ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও ওবায়দুরের ভাগ্নির কিছু আপত্তিকর ভিডিও একটি চক্রের হাতে পৌঁছে যায়। নজরুল ইসলাম ধারণা করেন, ওবায়দুরই গোপনে ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ হয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই রাত ১১টার দিকে গাজী নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের বাসায় যান। কৌশলে তাকে ড্রয়িংরুমে ডেকে এনে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে আমিনুর রহমান তাকে মাটিতে ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার মা ও ছোট বোন চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে আহত ওবায়দুর রহমানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি আত্মগোপনে চলে যান। অভিযোগে বলা হয়েছে, আসামিরা এখনও তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন।
ওসি হাসান বাসির জানান, মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, এ মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
