×

জামায়াত

লংমার্চ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন গোলাম পরওয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

লংমার্চ নিয়ে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিতে প্রায় দেড় হাজার গাড়ি অংশ নেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা হবে।
গোলাম পরওয়ার বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী লংমার্চে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
প্রশাসনের সহযোগিতা চাইলেন
লংমার্চ নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিরোধী দলের বড় এই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে সরকার জনগণের আস্থা ধরে রাখবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, লংমার্চে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা হলে সরকার ও সরকারি দল জনগণের আস্থা হারাবে। এমন পরিস্থিতি তৈরি হলে তারা আরও জনরোষের মুখে পড়তে পারেন বলেও সতর্ক করেন তিনি।
সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান
সরকার গঠনের ছয় মাস পার হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তার দাবি, সরকার গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি বলেন, ১১ দল সরকার উৎখাতের কোনো আন্দোলন করছে না। তাদের মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ছয় দফা দাবি মেনে নেওয়া।
রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি ও বিরোধী দলের মধ্যে পরমতসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে এটি বাস্তবে প্রমাণ করা প্রয়োজন।
লংমার্চে নাশকতার আশঙ্কা নেই
গোলাম পরওয়ার জানান, এখন পর্যন্ত লংমার্চ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা তারা করছেন না। শান্তিপূর্ণ ও নিরাপদভাবে কর্মসূচি পালন করা হলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, লংমার্চের বিষয়ে পুলিশ প্রশাসনের মহাপরিদর্শককে লিখিতভাবে অবহিত করেছে ১১ দলীয় ঐক্য। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ লংমার্চকে স্বাগত জানাবেন বলেও দাবি করেন তিনি।

গাড়িবহর নিয়ে বিশেষ নির্দেশনা

লংমার্চের শৃঙ্খলা বজায় রাখতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন গোলাম পরওয়ার। তিনি জানান, লংমার্চের বহরে থাকা ডেলিগেটরা গাড়ি থেকে নেমে নির্ধারিত পথসভায় অংশ নেবেন না। স্থানীয় শাখার নেতাকর্মীরাই এসব পথসভা পরিচালনা করবেন।
তিনি বলেন, বহরে থাকা প্রতিটি গাড়িতে নির্দিষ্ট স্টিকার থাকবে। চলন্ত অবস্থায় কোনো গাড়ি বহরের সঙ্গে যুক্ত হতে পারবে না। নতুন কোনো গাড়ি যুক্ত হলে সেটিকে বহরের একেবারে শেষে যুক্ত হতে হবে।
তবে সংবাদ সংগ্রহ ও প্রচারের স্বার্থে গণমাধ্যমের গাড়ি বহরের সঙ্গে থাকার সুযোগ পাবে বলে জানান তিনি।

নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান

প্রস্তুতি বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতারা দেশবাসী ও দলের নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
এর আগে প্রস্তুতি বৈঠকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ ২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

চলতি মাসের শেষে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

চলতি মাসের শেষে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App