সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি দলটির সিলেট মহানগর শাখার নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, শুক্রবার দিনব্যাপী সিলেট মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠানে ড. নুরুল ইসলাম বাবুলের নাম মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নগরীর সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি কার্যক্রমে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেটকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, সততা ও পরিচ্ছন্ন রাজনীতির বার্তা নিয়ে প্রার্থীর অবস্থান নগরীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য তিনি জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
