×

জামায়াত

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

ছবি : সংগৃহীত

ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর)। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।

লংমার্চ সফল করতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালিয়েছে জোটভুক্ত দলগুলো। শুক্রবার বিকেলে শাপলা চত্বরে লংমার্চের মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। এ সময় তিনি কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সকাল ৮টার মধ্যে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে গাড়িবহর যাত্রা করবে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এই ছয় দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার উৎখাতের উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়নি। বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। লংমার্চও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে।

তিনি সরকারের প্রতি কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ এই কর্মসূচি সফল করতে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হলে জনগণের আস্থা আরও বাড়বে।

লংমার্চে শুরুতে কয়েক হাজার গাড়ি নেওয়ার পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকট ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে গাড়ির সংখ্যা কমিয়ে প্রায় এক হাজার করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গাড়িবহর মহাসড়কের একটি লাইন ধরে চলবে, যাতে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের সমস্যা না হয়। একই সঙ্গে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলও স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

জোটের পরিকল্পনা অনুযায়ী, সকাল ৭টায় শাপলা চত্বরে জমায়েত ও উদ্বোধনী বক্তব্যের পর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় প্রথম পথসভা হওয়ার কথা রয়েছে।

এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লার নূরজাহান হোটেলের বিপরীতে নির্ধারিত স্থানে সমাবেশ ও খাবারের বিরতি হবে। বিকেল ৩টার দিকে ফেনীর মহিপাল এবং বিকেল ৫টার দিকে মিরসরাইয়ে পথসভা করার পরিকল্পনা রয়েছে।

সবশেষে রাত ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছে লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চে কোনো ধরনের হামলা বা বাধা দেওয়া হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, যত বাধাই আসুক, লংমার্চ ঠেকানো যাবে না এবং জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও লংমার্চের পুরো পথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কর্মসূচিতে হামলা করে এর দায় বিরোধী দলের ওপর চাপানোর কোনো সুযোগ যেন কেউ না পায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

লংমার্চ সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গোলাপ শাহ মাজার মসজিদ থেকে গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করা হয়। একই দিন কাওরান বাজার, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও সাতরাস্তা এলাকাতেও প্রচারণা চালানো হয়।

চট্টগ্রামেও লংমার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের মতামত ও গণরায় কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।

লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এদিকে লংমার্চের ধারাবাহিকতায় সেপ্টেম্বর-অক্টোবরে রংপুর, খুলনা ও সিলেট অভিমুখে আরও তিনটি লংমার্চ এবং আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে ১১ দলীয় ঐক্যের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App