মজিবুর রহমান মঞ্জু
বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে বলে মন্তব্য করেছে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে-ক্ষোভে মানুষ গালি দিতেও দ্বিধা করছে না।’
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনাকালে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
মঞ্জু বলেন, ‘দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নাই’।
তিনি বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।
আরো পড়ুন: গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে ওয়াদার বরখেলাফ করে দাম বাড়ায়, দলীয়করণ করবে না বলে ব্যাপকহারে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদেরকে বিশ্বাস করবে!’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে-ক্ষোভে মানুষ গালি দিতেও দ্বিধা করছে না।’
মঞ্জু জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি এবং গালাগালের সংস্কৃতি—দুটোই পরিহার করার আহ্বান জানান।
এসময় এবি পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম খালিদ, আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লা টুটুল, শ্যাডো কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।
