এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন কোনো নির্দিষ্ট সময়ের পর শুরু হওয়া কর্মসূচি নয়। এটি জনগণের প্রাণের দাবি বাস্তবায়নের আন্দোলন।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়। এই আন্দোলন জনগণের প্রাণের দাবি বাস্তবায়নের আন্দোলন।’
তিনি বলেন, কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা এই আন্দোলন শুরু করেননি। তবে কেউ যদি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে বিদায়ের পরিস্থিতি তৈরি করেন, তার দায় আন্দোলনকারীদের নয় বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির দাবি করেন, আগের সরকারের সময় যে পথে দেশ পরিচালিত হয়েছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা এখনো সংসদে রয়েছেন। তবে আগামী অধিবেশনে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জনগণের সমস্যার সমাধান না হলে সংসদকে কার্যকর রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যার সমাধান বর্তমান সরকারের দায়িত্ব। এসব সমস্যা সমাধানে সক্ষমতা না থাকলে তা জনগণের কাছে স্বীকার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর ‘স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে ১১ দল রাজনীতি করছে’—এমন বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।
লংমার্চের সমাপনী সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতা।
