সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা ফিরিয়ে আনা, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মুজিবুর রহমান বলেন, সংবিধানে অতীতে আল্লাহর প্রতি ইমান ও আস্থা সংক্রান্ত একটি বিধান ছিল, যা পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ মুসলমান উল্লেখ করে তিনি সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির বিষয়টিও তুলে ধরেন।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সালাত কায়েম করা এবং জাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রশাসনিকভাবে নামাজ ও জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলে মানুষের চরিত্র গঠন এবং সামাজিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে মুজিবুর রহমান সংসদে নামাজের বিরতি যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে স্পিকার ও প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ ও জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে স্পিকারের আসন থেকে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধর্ম পালন ব্যক্তির নিজস্ব স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। তিনি বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং প্রত্যেক ব্যক্তি নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবেন।
স্পিকার আরও বলেন, সংসদীয় কোনো নোটিশ জারি করে কাউকে জোরপূর্বক ধর্ম পালনে বাধ্য করা যায় না। তবে সংসদ সদস্যের বক্তব্যে প্রকাশিত ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যেন নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মীয় বিধান মেনে চলেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এদিকে নামাজ নিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমানের বক্তব্যের একটি অংশের প্রতিবাদ জানান ময়মনসিংহ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, শুধু নির্দিষ্ট কোনো স্থানে নয়, মসজিদের বাইরেও অনেকে নিয়মিত নামাজ আদায় করেন।
পরে স্পিকার হস্তক্ষেপ করে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কে না জড়ানোর নির্দেশ দেন। এরপর সংসদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।
