প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে পিস্তল উঁচিয়ে ধরার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ ঘটনাকে ‘ত্রাসের রাজত্বের ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে বলা হয়, গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পিস্তল উঁচিয়ে ধরেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর দাবি, সরকারের স্বল্প সময়ের মধ্যে নিজেদের ব্যর্থতা আড়াল করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গেন্ডারিয়ায় প্রতিমন্ত্রীর পিস্তল উঁচিয়ে ধরার ঘটনাটি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
অস্ত্র আইনের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী, ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন ছাড়া বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া, জনমনে ভীতি ছড়ানো এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও আইনবিরোধী বলে দাবি করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ ঘটনার প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করতে সংশ্লিষ্ট মন্ত্রীর ভূমিকা রাখা জরুরি।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করেছেন। জামায়াতের এই নেতার মতে, এমন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিমন্ত্রী তাঁর শপথের পরিপন্থী কাজ করেছেন এবং এতে অপরাধীরা উৎসাহিত হতে পারে।
বিবৃতির শেষাংশে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং মার্জিত ও জনবান্ধব পদ্ধতিতে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দলটি।
