রাড্ডা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি : সংগৃহীত
দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, রাড্ডা হাসপাতালে ভাঙচুরের ঘটনার এত দিন পরও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, হামলাকারীদের পেছনে মদদদাতারা রয়েছেন। ঘটনার নেপথ্যে জড়িত ব্যক্তিদের নাম ও পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, সরকার এ বিষয়ে ব্যর্থ হলে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিশন গঠন করা হবে। হাসপাতাল থেকে চুরি হওয়া সব ওষুধ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে একটি অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলারও দাবি জানান তিনি। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, মিরপুরের এই হাসপাতাল থেকে সুলভ মূল্যে শত শত মা ও শিশু চিকিৎসাসেবা নিয়েছেন। অথচ ভাঙচুরের ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, প্রশাসন সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে এর চেয়েও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তব্যে তিনি পাবেল, লেলিন, শুভ্র, রাসেল ও সজীবসহ ঘটনায় জড়িত বলে যাদের উল্লেখ করেন, তাদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, জামায়াত নেতা ডা. মঈন উদ্দিন, মনিরুল ইসলাম মৃধা ও জি এম হাফিজুর রহমানসহ অন্যরা।
