×

জামায়াত

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের পর সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি জানতে পেরেছেন বলে যে বক্তব্য দিয়েছেন, তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। দূতাবাস যথাযথ দায়িত্ব পালন করেছে কি না, তা জনগণের সামনে পরিষ্কার করা সরকারের নৈতিক দায়িত্ব।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা দূতাবাস ও কনস্যুলেটগুলোর অন্যতম প্রধান দায়িত্ব।

দুই বাংলাদেশির বিচারিক প্রক্রিয়ায় দূতাবাস বা কনস্যুলেটের সম্পৃক্ততা ছিল কি না, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘উক্ত দুই ব্যক্তির বিচারিক প্রক্রিয়ায় আমাদের দূতাবাস কিংবা কনস্যুলেটের কোনো সম্পৃক্ততা ছিল কি না? সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্য থেকে সঙ্গত কারণেই প্রশ্নের উদ্রেক হয়েছে, যখন তাঁরা বলেছেন—দণ্ড কার্যকর হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পেরেছি।’

প্রতিটি দেশ নিজস্ব আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘যেহেতু এই দুজন প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বিষয়টি ছিল চরম দণ্ডের (মৃত্যুদণ্ড), কাজেই এ ব্যাপারে দূতাবাস তার ওপর অর্পিত আইনি ও কূটনৈতিক দায়িত্ব পালন করেছে কি না, সরকার যেন জনগণের কাছে তা স্পষ্ট করে।’

আরও পড়ুন: এবার দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ

তিনি আরও বলেন, যে অপরাধে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সে ধরনের অপরাধের প্রবণতা বা কারণ প্রবাসীদের মধ্যে সামান্যতমও থাকলে তা প্রতিরোধে সরকার ও দূতাবাস কী উদ্যোগ নিয়েছে, সেটিও জানা প্রয়োজন। এ বিষয়ে সরকার ও বাংলাদেশ দূতাবাসকে জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

ভবিষ্যতে কোনো প্রবাসী যেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় দূতাবাসের কাছ থেকে প্রাপ্য আইনি ও কূটনৈতিক সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিদেশের মাটিতে দেশের মর্যাদা রক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার বিষয়ে প্রবাসীদের সচেতন করাকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে জামায়াত আমির লেখেন, ‘যে দুজনের ওপর দণ্ড কার্যকর হয়েছে, তাদের বিষয়ে কেবল আলোচনা-পর্যালোচনার চেয়ে নিজেদের প্রাতিষ্ঠানিক অবস্থান ও দায়িত্ব পর্যালোচনা করা সকলের জন্যই উত্তম। যা-ই ভালো, তাই বিকশিত হোক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি মাসে থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন

চলতি মাসে থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, জবাবের অপেক্ষায় সরকার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, জবাবের অপেক্ষায় সরকার

আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি: প্রধানমন্ত্রী

আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App