‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ওই অনুষ্ঠানে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সরকারের বিভিন্ন অতিথির নাম উল্লেখ থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম ছিল না। এমনকি কোন পরিচয়ে তাঁকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, সেটিও উল্লেখ করা হয়নি।
এ প্রসঙ্গে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, তাহলে কি বিরোধীদলীয় নেতা দর্শক সারিতে বসবেন?
এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যেসব শহীদ ও আহত ব্যক্তির আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, তাঁদের পরিবারের পাশে বিরোধী নেতাদের থাকা উচিত ছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আঁকড়ে থাকলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
