খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি। ছবি : সংগৃহীত
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
মৃত মহিবুজ্জামান কচি নগরের হাজী মহসিন রোড বাই লেনে বসবাস করতেন। কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মহিবুজ্জামান কচি আহত হন।
খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, ‘সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাঁকে বাধা দিলে মহিবুজ্জামান কচি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কিছু মহিলা বের করতে দেখা যায়, তিনি কাউকে ধাক্কা দেননি। খুলনা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. জাহাঙ্গীর হুসাইন হেলাল জানিয়েছেন, কেন্দ্রের ভিতরে ভোটারদের সঙ্গে উত্তেজনা ও কথা কাটাকাটির ঘটনা ঘটলেও এটি কোনো পূর্বপরিকল্পিত নয়। তিনি বলেন, মহিবুজ্জামান কচি অসুস্থ অবস্থায় হঠাৎ মৃত্যু বরণ করেছেন।
আরো পড়ুন : গুজবের মধ্যেও ভোট শান্তিপূর্ণ, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনার স্থান কেন্দ্রের বাইরে ছিল, এটি তার বিষয় নয়। বিএনপির খুলনা-২ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, মহিবুজ্জামান কচি প্রিন্সিপাল এবং তার সহযোগীর কারণে নিহত হয়েছেন। তিনি গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে উত্তেজনার চিত্র আছে, তবে মহিবুজ্জামান কচির পড়ে যাওয়ার ভিডিও এখনও পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করে তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
