×

খুলনা

২৭ বছরেও বিচার হয়নি উদীচী হত্যাযজ্ঞের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম

২৭ বছরেও বিচার হয়নি উদীচী হত্যাযজ্ঞের

ছবি : সংগৃহীত

যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে সংঘটিত ভয়াবহ বোমা হামলার ২৭ বছর পার হলেও প্রকৃত ঘাতকদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা যায়নি। আলোচিত এই হত্যাযজ্ঞের এত বছর পরও জড়িতদের মুখোশ উন্মোচন না হওয়ায় ন্যায়বিচার অধরাই রয়ে গেছে। আইনি ও প্রশাসনিক দুর্বলতার কারণে মামলার রায়ে চার্জশিটভুক্ত সব আসামিই খালাস পেয়ে গেছে।

পরে উচ্চ আদালতে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হলেও গত ১৬ বছর ধরে তা ঝুলে আছে। এ অবস্থায় শুক্রবার (৬ মার্চ) এই নারকীয় হত্যাকাণ্ডের ২৭ বছর পূর্ণ হলো।

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে সংগঠনটির দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণ ঘটে। হামলায় শিল্পীসহ ১০ জন নিহত হন এবং আড়াই শতাধিক মানুষ আহত হন।

নিহতরা হলেন, নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, নূর ইসলাম, ইলিয়াস মুন্সী, বাবুল সূত্রধর, শাহ আলম মিলন, মোহাম্মদ বুলু, রতন কুমার বিশ্বাস, শাহ আলম পিন্টু ও বাবু রামকৃষ্ণ। দীর্ঘদিনেও বিচার না হওয়ায় নিহতদের পরিবারের অনেকেই ন্যায়বিচারের আশা প্রায় ছেড়ে দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ওই বোমা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। প্রথমে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলাটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর সিআইডি ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। এতে তরিকুল ইসলামের নামও ছিল।

আরো পড়ুন : আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার ১৬ মার্চের ট্রেনের টিকিট

তবে পরবর্তীতে চার্জ গঠনের সময় উচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০০৬ সালের ৩০ মে আদালত রায় ঘোষণা করেন এবং সব আসামিকে বেকসুর খালাস দেন। এই রায়ে যশোরসহ দেশের প্রগতিশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি আবার পুনরুজ্জীবিত হয়। এদিকে আলোচিত জঙ্গি নেতা মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে মামলাটি পুনরায় তদন্তের উদ্যোগ নেওয়া হয় এবং তাকে যশোরে এনে জিজ্ঞাসাবাদও করা হয়।

২০১০ সালের ৮ জুন মামলার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আসামিদের বক্তব্য জানতে নোটিশ জারির নির্দেশ দেন। সেই নথিপত্র ২০১০ সালের ২৬ জুলাই যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়। পরে খালাস পাওয়া আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

তবে এরপর আর মামলার আপিল শুনানি হয়নি। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে রয়েছে। এ অবস্থায় বিচারহীনতার এই দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ যশোরের মানুষ দ্রুত মামলার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোরের পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, উদীচী হত্যা মামলাটি বর্তমানে উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। সেই শুনানি নিষ্পত্তি না হলে নিম্ন আদালতে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

এদিকে ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল ১১টায় ঈদগাহ মোড়ে সমাবেশ এবং সন্ধ্যা ৭টায় টাউন হল ময়দানের শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি ও মশাল প্রজ্বালন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App