×

খুলনা

দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল

Icon

‎‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিটার ডিজেল

ফাইল ছবি

ঝালকাঠিতে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ রয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপোর কার্যক্রম। এতে দক্ষিণাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ডিপোতে অবিক্রীত অবস্থায় পড়ে আছে প্রায় ৭৫ হাজার লিটার ডিজেল, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সুগন্ধা নদীতে নোঙর করা এই ভাসমান ডিপো একসময় ঝালকাঠি, বরিশাল, ভোলা, শরীয়তপুর ও মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তখন প্রতি মাসে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ লিটার ডিজেল ডিলারদের মাধ্যমে নৌপথে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। হঠাৎ করে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সংকটে পড়েন গ্রাহক ও ব্যবসায়ীরা।

ডিপো সূত্রে জানা যায়, ভাসমান বার্জটির একটি ট্যাংকের তলায় ছিদ্র ধরা পড়ায় সেটি তেল সংরক্ষণের জন্য অনুপযোগী হয়ে পড়ে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ডিপোটি বন্ধ রাখা হয়। পরে বার্জটি সংস্কারের জন্য চট্টগ্রামে পাঠানো হয়। গত বছরের ডিসেম্বর মাসে সংস্কার শেষে সেটি আবার ঝালকাঠিতে আনা হলেও পুরোনো বার্জে থাকা তেল এখনো স্থানান্তর করা হয়নি।

বর্তমানে ডিপোর ছয়টি ট্যাংকে প্রায় ৭৫ হাজার লিটার ডিজেল পড়ে আছে। ডিপো কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন সংরক্ষিত থাকার কারণে তেলের সঙ্গে ময়লা বা গাদ জমে যাওয়ায় তা সরাসরি ব্যবহারযোগ্য নয়। নতুন তেলের সঙ্গে মিশিয়ে তা বিক্রির পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ডিলার ও ব্যবসায়ীরা বলছেন, ডিপোটি বন্ধ থাকায় তাঁদের বাইরে থেকে বেশি দামে তেল সংগ্রহ করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর। তাঁদের মতে, সংরক্ষিত তেল পরীক্ষা করে ব্যবহারযোগ্য হলে তা বাজারে ছাড়া গেলে সাময়িকভাবে সংকট কিছুটা কমতে পারে।

ডিপোর সিনিয়র কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, “বার্জে ছিদ্র থাকায় ঝুঁকি নিয়ে তেল সরবরাহ করা সম্ভব ছিল না। মেরামতের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই সরবরাহ কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।”

ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, “ডিপোটি ইতোমধ্যে ঘাটে ফিরে এসেছে। আগামী মাস থেকে কার্যক্রম চালু হতে পারে। এটি চালু হলে জেলার তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র দীর্ঘদিন অচল থাকায় শুধু স্থানীয় বাজার নয়, পুরো দক্ষিণাঞ্চলের জ্বালানি ব্যবস্থায় প্রভাব পড়েছে। দ্রুত ডিপোটি চালু করা এবং সংরক্ষিত তেলের মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বগুড়ায় দিন দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় দিন দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

আট ঘণ্টায় প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে

আট ঘণ্টায় প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে

এসএসসি কেন্দ্র ফি’র ১২ লাখ টাকার হিসাব নিয়ে ধোঁয়াশা!

এসএসসি কেন্দ্র ফি’র ১২ লাখ টাকার হিসাব নিয়ে ধোঁয়াশা!

অবরোধ না তুললে হরমুজ প্রণালি খুলবে না ইরান

অবরোধ না তুললে হরমুজ প্রণালি খুলবে না ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App