×

খুলনা

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ

Icon

বাবুল আকতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩৮ পিএম

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ

ছবি : ভোরের কাগজ

কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর রেলিগেট মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

এ সময় উত্তেজিত কিছু শ্রমিক বিজেএ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাট খাত ভয়াবহ সংকটে পড়েছে। গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তারা।

শ্রমিক নেতা শফিকুল ইসলাম বলেন, “কাঁচাপাট রপ্তানির সঙ্গে জড়িত সারা দেশে প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। কেউ কেউ পেশা পরিবর্তন করে অন্য কাজে গেলেও অধিকাংশ পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। অনেক পাট ব্যবসায়ী ও রপ্তানিকারক ব্যাংক ঋণ ও মহাজনের টাকা পরিশোধ করতে না পেরে পালিয়ে গেছেন। আবার অনেকে দেনার চাপে মৃত্যুবরণ করেছেন। সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই প্রতি বছর কাঁচাপাট রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন।”

তিনি আরো বলেন, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে একই সময়ে বিজেএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা কাঁচা পাট রপ্তানির ওপর শর্ত আরোপের মাধ্যমে কার্যত রপ্তানি বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, “দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে।”

তিনি বলেন, চলতি মৌসুমে কৃষক পাটের ন্যায্য মূল্য পাওয়ায় দেশে প্রায় দেড়গুণ বেশি পাটের আবাদ হয়েছে। এছাড়া আগাম বৃষ্টিপাতের কারণে সামনের মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিন্তু রপ্তানি বন্ধ থাকলে উদ্বৃত্ত পাট ব্যবহারের কোনো সুযোগ থাকবে না। এতে বাজারে ধস নামবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। ভবিষ্যতে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেললে দেশের পাট খাত বড় ধরনের সংকটে পড়বে।

তিনি আরো বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় জুট মিলগুলো ব্যবসায়ীদের কাছ থেকে পাট কিনতে অনাগ্রহ দেখাচ্ছে। এর ফলে মিল মালিকরা এককভাবে বাজার নিয়ন্ত্রণ করে পাট সরবরাহকারীদের ক্ষতির মুখে ফেলছেন।

বিজেএ নেতারা জানান, খুলনা, নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর ও উত্তরবঙ্গসহ দেশের প্রায় ৪০টি ছোট-বড় জুট প্রেস হাউস গত নয় মাস ধরে কার্যত বন্ধ রয়েছে। এতে প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীও বেকার অবস্থায় রয়েছেন।

সংগঠনটির দাবি, ব্যবসা বন্ধ থাকলেও গুদাম ভাড়া, অফিস ভাড়া, ব্যাংক ঋণের সুদ, বীমা, শ্রমিক হাজিরাসহ বিভিন্ন ব্যয় বহন করতে হচ্ছে। ফলে আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। দ্রুত কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ না দিলে ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়বেন এবং ব্যাংক ঋণখেলাপিতে পরিণত হবেন।

বিজেএ চেয়ারম্যান আরও অভিযোগ করেন, কাঁচা পাট রপ্তানির ওপর থেকে শর্ত প্রত্যাহারের দাবিতে একাধিকবার বস্ত্র, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের স্বার্থে দ্রুত কাঁচা পাট রপ্তানি পুনরায় চালুর বিকল্প নেই। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-১ অধিশাখা গত ৮ সেপ্টেম্বর ২০২৫ কাঁচা পাট রপ্তানির ওপর শর্ত আরোপ করে কার্যত রপ্তানি বন্ধ করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

‘মশাল কি নিভে গেল বন্ধু?’

স্মরণ ‘মশাল কি নিভে গেল বন্ধু?’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App