×

খুলনা

মাঠজুড়ে সোনালি আঁশের হাতছানি, ন্যায্যমূল্যের অপেক্ষায় কৃষক

Icon

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

মাঠজুড়ে সোনালি আঁশের হাতছানি, ন্যায্যমূল্যের অপেক্ষায় কৃষক

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠজুড়ে সবুজ পাটগাছের সমারোহ কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে উদ্বেগ কাটেনি তাদের। কৃষকদের প্রত্যাশা, গত বছরের মতো এ বছরও পাটের ভালো দাম পাওয়া গেলে তাদের কষ্ট ও পরিশ্রম সার্থক হবে এবং পাট চাষে আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল পাট, যা ‘সোনালি আঁশ’ নামে পরিচিত। গ্রামীণ অর্থনীতিতে পাটের অবদান দীর্ঘদিনের। মহম্মদপুর উপজেলার অধিকাংশ কৃষক সারা বছর ধরে এই ফসলের ওপর নির্ভরশীল থাকেন। তাই পাটের ভালো ফলন ও বাজারমূল্য তাদের জীবিকা ও পারিবারিক স্বচ্ছলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বর্তমানে উপজেলার মাঠে মাঠে দোল খাচ্ছে পাটগাছ। যেদিকে চোখ যায়, সেদিকেই সবুজের সমারোহ। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এ বছর পাটের ফলন অত্যন্ত ভালো হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। আর কিছুদিন পরই কৃষকেরা পাট কেটে জাগ দিয়ে আঁশ সংগ্রহের কাজে নামবেন।

পাট চাষি নজরুল ইসলাম বলেন, “এ বছর আমাদের মাঠে পাটের ফলন খুব ভালো হবে বলে আশা করছি। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ভালোভাবেই পাট ঘরে তুলতে পারব। সারা বছরের সংসার চালানোর জন্য আমরা মূলত পাটের ওপরই নির্ভর করি। কিন্তু মৌসুমের শুরুতে যদি পাটের দাম কমে যায়, তাহলে আমাদের সারা বছরের স্বপ্ন ভেঙে যায়। তাই সরকারের কাছে আমাদের দাবি, মৌসুমের শুরু থেকেই যেন পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়।”

কৃষকেরা জানান, প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা নিয়মিত জমির আগাছা পরিষ্কার করছেন এবং পাটক্ষেতের পরিচর্যা করছেন। সন্তানস্নেহে লালন করা এই ফসলই তাদের পরিবারের প্রধান আয়ের উৎস।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় জানান, এ বছর উপজেলায় ১০ হাজার ৭৭২ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত ২৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারি প্রণোদনার আওতায় ১ হাজার ৪০০ জন কৃষকের মধ্যে এক কেজি করে উন্নত জাতের তোষা পাটবীজ, পাঁচ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকদের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট উৎপাদন হবে বলে আশা করছি।”

বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে হাসি ফুটলেও তাদের একটাই প্রত্যাশা—উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষকেরা মনে করেন, ভালো ফলনের পাশাপাশি যদি বাজারে পাটের দাম সন্তোষজনক থাকে, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে এবং দেশের পাটখাত আরও সমৃদ্ধ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদক সেবনের ছবি ফেসবুকে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

চীনা নাগরিক কর্তৃক বাংলাদেশি তরুণীকে চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, যা জানা গেল

চীনা নাগরিক কর্তৃক বাংলাদেশি তরুণীকে চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, যা জানা গেল

‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সচল

সংসদে তথ্যমন্ত্রী ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সচল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App