দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : ভোরের কাগজ
খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের বেহাল অবস্থা দূর করে জনগণের দুর্ভোগ কমাতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির নির্দেশনায় এবং ইটভাটা মালিক সমিতির নিজস্ব অর্থায়নে সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা অংশে ইট বিছিয়ে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহপুর-থুকড়া-আমভিটা সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটার পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থ বিবেচনায় সংসদ সদস্যের নির্দেশনায় দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেয় ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি।
সংস্কারকাজ পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার, সমিতির নেতা আমিনুর রহমান, আমিন, মো. রুহুল আমিন কালু এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক, আব্দুর রব আকুঞ্জি, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংস্কারকাজ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। জনকল্যাণমূলক এই উদ্যোগের জন্য ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জোমাদ্দার বলেন, “ব্যবসায়িক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সংস্কারকাজে অংশ নিয়েছি। সংসদ সদস্যের নির্দেশনা পাওয়ার পরপরই সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার কাজ শুরু করি। ভবিষ্যতেও ডুমুরিয়ার যেকোনো জনকল্যাণমূলক কাজে ইটভাটা মালিক সমিতি জনগণের পাশে থাকবে।”
সড়কটির সাময়িক সংস্কারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় চালক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তবে তারা সড়কটির স্থায়ী ও টেকসই কার্পেটিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন।
