রোগী সেজে কুষ্টিয়া হাসপাতালে দুদকের অভিযান, মিলল অনিয়ম
কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি : ভোরের কাগজ
রোগীর ছদ্মবেশে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অর্থের বিনিময়ে সিরিয়াল নেওয়া, সেবায় অনিয়ম, রোগীদের খাবার সরবরাহে অব্যবস্থাপনা এবং টাকার বিনিময়ে মৃত্যুসনদ দেওয়ার মতো গুরুতর অভিযোগের তথ্য পেয়েছেন দুদক কর্মকর্তারা।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম হাসপাতালে আকস্মিক অভিযান চালায়।
পূর্বঘোষণা ছাড়াই পরিচালিত প্রায় আড়াই ঘণ্টার অভিযানের শুরুতে দুদকের দুই সদস্য সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কাউন্টারে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এ সময় তারা অভিযোগ পান, নিয়মিত সিরিয়াল ও নির্ধারিত প্রক্রিয়া উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে কেউ কেউ দ্রুত সেবা ও অগ্রাধিকারমূলক সিরিয়াল পাচ্ছেন।
পরে দুদকের মূল টিম হাসপাতালের ব্লাড ব্যাংক, জরুরি বিভাগ, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ, অপারেশন থিয়েটার, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে।
অভিযানকালে কর্মকর্তারা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্রও যাচাই-বাছাই করা হয়।
অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা সাংবাদিকদের বলেন, অভিযানে পাওয়া অভিযোগগুলোর মধ্যে টাকার বিনিময়ে মৃত্যুসনদ দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। এ ছাড়া নার্সদের অসদাচরণ, রোগীদের খাবার সরবরাহে অনিয়ম এবং প্যাথলজি সেবায় অব্যবস্থাপনার তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, দুদক পূর্বঘোষণা ছাড়াই অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ বা তথ্য দেওয়া হয়নি। লিখিত প্রতিবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
