শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ইবি ক্যাম্পাস
কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদল নেতা কর্তৃক থাপ্পড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে শাখা ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে দুপুর পৌনে দুইটার দিকে শহিদ জিয়াউর রহমান হলে ছাত্র শিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়েরকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনুর রহমানের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা অভিযুক্তের কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করেন। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহযোগিতায় আলীনূরকে হল থেকে উদ্ধার করে প্রক্টর অফিসে নেওয়া হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনাটির সত্যতা শিকার করে বলেন, ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে ইবি ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদ ও নিজেদের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। পরে প্রধান ফটকে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
