×

আইন-বিচার

গুম-নির্যাতন

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

টানা শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)–এ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ।

রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন।

এ মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। ১৩ জন আসামির মধ্যে বর্তমানে তিনজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি চারটি ভিত্তিতে অব্যাহতির আবেদন জানান। এর মধ্যে বেআইনি আটক, অপহরণ ও নির্যাতন—এই তিনটি গ্রাউন্ড বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল। অপর গ্রাউন্ডটি ছিল গুম সংক্রান্ত।

দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের পক্ষে ডিসচার্জ চেয়ে আবেদন করেন আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যান্য আইনজীবীরা। সব শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটররা।

গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন, শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ এবং লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

এর আগে, গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। পাশাপাশি ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের ঘটনার বীভৎস বিবরণ উপস্থাপন করেন। এসব ঘটনার ভিত্তিতে পাঁচটি অভিযোগ এনে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন তিনি।

গত ২৩ নভেম্বর পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। স্বেচ্ছায় মামলা পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রথমে জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না নিয়োগ পেলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ৩ ডিসেম্বর তা প্রত্যাহার করেন। পরে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে, ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পরে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App