×

আইন-বিচার

সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বহাল, বাদীপক্ষের আবেদন নথিভুক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বহাল, বাদীপক্ষের আবেদন নথিভুক্ত

ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেননি ঢাকার একটি আদালত। বরং এ বিষয়ে বাদীপক্ষের করা আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে লাশ উত্তোলনের পূর্বের আদেশ কার্যকর রয়েছে। তবে আদেশের ব্যাখ্যা নিয়ে শুরুতে বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম ও তার আইনজীবী।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সালমান শাহর লাশ উত্তোলনের অনুমতি বাতিলের আবেদন করেন বাদীপক্ষ। আদেশ ঘোষণার পর প্রথমে ধারণা করা হয়েছিল, আবেদনটি মঞ্জুর হয়েছে। পরে জানা যায়, আদালত কেবল আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জানান, আদালত আবেদনটি নথিভুক্ত করেছেন। তবে আদেশের বিষয়টি ভুলভাবে বোঝার কারণে সেটিকে আবেদন মঞ্জুর হয়েছে বলে জানানো হয়েছিল। তিনি আরও বলেন, তদন্তাধীন মামলায় বাদীপক্ষের এ ধরনের আবেদন গ্রহণের সুযোগ নেই।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, প্রকাশ্য আদালতে বিচারকের সামনে যে আদেশ ঘোষণা করা হয়েছিল, পরে সেটিকে নথিভুক্ত বলে ব্যাখ্যা করা হয়। বিষয়টি তার কাছে বোধগম্য নয়। বিচার বিভাগের কার্যক্রমে আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দাবি করেন, তিনি নিজ কানে আদালতকে আবেদন গ্রহণের কথা বলতে শুনেছেন। পরে আদেশের ভিন্ন ব্যাখ্যা পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।  লাশ কবর থেকে উত্তোলনে

বাদীপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, প্রায় তিন দশক আগে দাফন করা লাশ থেকে বর্তমানে কার্যকর কোনো দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এছাড়া ১৯৯৭ সালে একবার লাশ উত্তোলনের সময়ও সেটি অতিমাত্রায় পচনশীল অবস্থায় পাওয়া গিয়েছিল। আবেদনে আরও বলা হয়, বারবার লাশ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে সিআইডির আবেদনের পর আদালত সালমান শাহর লাশ উত্তোলনের অনুমতি দেন। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। পরে তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ প্রায় তিন দশক ধরে আলোচিত এই মৃত্যুর ঘটনায় একাধিক তদন্ত হলেও এখনো রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে?

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী ভক্ত কে?

সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান: ট্রাম্প

সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান: ট্রাম্প

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App