×

আইন-বিচার

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের ওপর পরবর্তী শুনানি মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের ওপর পরবর্তী শুনানি মঙ্গলবার

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের ওপর পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন রেখেছে আপিল বিভাগ। 

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার শুনানি নিয়ে ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনটি আপিল হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিলটি করেন।

এর মধ্যে সুজন সম্পাদকসহ চার ব্যক্তির করা আপিলের ওপর আজ শুনানি শুরু হয়। সুজন সম্পাদকসহ চার ব্যক্তির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূইঁয়া, সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং অপর আপিলকারীর পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

পঞ্চদশ সংশোধনী একাধিক কারণে ক্রটিপূর্ণ বলে শুনানিতে উল্লেখ করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূইঁয়া। 

শুনানির বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, যে প্রক্রিয়ায় এই সংশোধনী সংসদে গৃহীত হয়, তা ক্রটিপূর্ণ ছিল। সংশোধনীর জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখা হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়। এমনকি এ নিয়ে সংসদে কোনো ধরনের আলোচনা ছাড়াই পাস হয়। সংসদে আলোচনা ছাড়াই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, এটি দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এর সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থা জড়িত। আমি বারবার বলেছি যে, পঞ্চদশ সংশোধনী শুধুমাত্র একটি সংশোধনী ছিল না, এটি সংবিধানকে পুনর্লিখন করার মতো একটি বিষয় ছিল, যার মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে। তাই, আদালত কর্তৃক এ সংশোধনীটি বাতিল করা প্রয়োজন ছিল। যেন ভবিষ্যতে এ ধরনের জনবিরোধী কোনো সংবিধান সংশোধনী আর না হয়। সংসদ যেন সংশোধনীর বিষয়ে সবসময় সতর্ক থাকে।

তিনি আরও বলেন, আশা করছি জুলাইয়ের মধ্যেই এর শুনানি শেষ হবে এবং আপিল বিভাগ থেকে একটি চূড়ান্ত রায় পাওয়া যাবে। আগের রায়টি হাইকোর্ট বিভাগের ছিল, তবে দেশ ও জনগণের স্বার্থে এবং দেশের সর্বোচ্চ আদালত থেকে এ চূড়ান্ত নিষ্পত্তির প্রয়োজন ছিল। আমাদের পক্ষ থেকে মঙ্গলবার শুনানি শেষ করব। তবে সরকারসহ আরও অনেক পক্ষ রয়েছে, জামায়াতে ইসলামীর একটি পৃথক আপিল আছে এবং একজন আইনজীবীর করা আরেকটি পৃথক আপিল আছে। এ তিনটি আপিল একসঙ্গে শুনানি হচ্ছে।

এ আইনজীবী আশা প্রকাশ করে বলেন, বর্তমান যে বেঞ্চ আছে, তার একজন বিচারপতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে অবসরে যাবেন। তাই তার মধ্যেই শুনানি শেষ করে রায় দেওয়া হবে বলে আশা করা যায়। তা না হলে আংশিক শুনানি হয়ে রায় হবে না, যা আগের অবস্থা ফিরিয়ে আনবে।

এর আগে, গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শুরু হয়।

পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল করে। এ রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তি একটি আপিল করেন। এছাড়া নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর পক্ষেও আপিল করা হয়।

আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট আবেদন দায়ের করা হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদকসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি রিট আবেদন করেন। শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশান লেকের পরিবেশ রক্ষা-সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান লেকের পরিবেশ রক্ষা-সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুবর্ণচরে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কৃষককে হত্যাচেষ্টার অভিযোগ

সুবর্ণচরে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কৃষককে হত্যাচেষ্টার অভিযোগ

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে

নাহিদ ইসলাম বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে

নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App