মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
ছবি : সংগৃহীত
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ও অযৌক্তিক সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এমএফএস খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকস্বার্থ নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়নের প্রয়োজনীয়তাও জানতে চেয়েছেন আদালত।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে বলা হয়েছে, বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সার্ভিস চার্জ যৌক্তিক, ন্যায্য ও সাশ্রয়ী পর্যায়ে রাখতে এবং বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং-সেবাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন কেন প্রণয়ন করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে।
আরো পড়ুন : একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
এ বিষয়ে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিতে রিটকারীর পক্ষে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে তিনিই জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
