সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
বাবা-মা বা কোনো দাতা সন্তান কিংবা অন্য কাউকে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করতে পারবেন এমন বিধান যুক্ত করে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রণীত সংশোধনীতে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’-এ দাতার জীবনকালীন ভোগাধিকার (Lifetime Usufruct) সংরক্ষণের বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত সেটি ব্যবহার ও ভোগ করার আইনি অধিকার বজায় থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদ্যমান আইনে এ বিষয়ে স্পষ্ট কোনো বিধান না থাকায় বাবা-মা, দাদা-দাদি বা অন্য দাতারা সম্পত্তি দান করার পর নিজেদের ভোগাধিকারের আইনি নিশ্চয়তা পেতেন না। নতুন সংশোধনীর মাধ্যমে সেই শূন্যতা দূর করে বিষয়টিকে আইনি সুরক্ষার আওতায় আনা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেটির ভোগদখলের অধিকার ধরে রাখতে পারেন, সে লক্ষ্যে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মুসলিম আইনে হেবা এবং হিন্দু আইনে উইলের বিধান থাকলেও হেবা করার সঙ্গে সঙ্গে সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ দাতার হাতছাড়া হয়ে যায়। ফলে অনেক ক্ষেত্রে বাবা-মা পরবর্তীতে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
আইনমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সন্তান যদি বাবা-মায়ের দায়িত্ব পালন না করে, তাহলে সম্পত্তি দানকারী অনেক সময় অসহায় পরিস্থিতির মুখোমুখি হন। এ বাস্তবতা বিবেচনায় সরকার নতুন আইনি সুরক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে।
তিনি আরও জানান, ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ (জীবনস্বত্ব) যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিধান কার্যকর হলে সন্তানকে সম্পত্তি উপহার দেওয়ার পরও বাবা-মা জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগ করার অধিকার সংরক্ষণ করতে পারবেন।
এ ছাড়া প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বাবা-মা জীবিত থাকাকালে উভয় পক্ষের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। অর্থাৎ সন্তান এককভাবে যেমন সম্পত্তি বিক্রি করতে পারবেন না, তেমনি দাতাও একক সিদ্ধান্তে তা বিক্রি করতে পারবেন না।
