×

আইন-বিচার

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং তাদের সাংবিধানিক শপথের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া।

আইনজীবী জানিয়েছেন, সাত দিনের মধ্যে নোটিশের জবাব না পেলে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনি প্রতিকার চাওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের আলোকে দুই মন্ত্রীর নিয়োগ, যোগ্যতা, নাগরিকত্ব, আনুগত্য ও শপথের বিষয়গুলো সাংবিধানিকভাবে যাচাই করার দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের নাগরিক এবং ২৫ বছর বয়সী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য। একই সঙ্গে ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে অথবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা স্বীকৃতি দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কিংবা সংসদ সদস্য থাকার ক্ষেত্রে অযোগ্যতার প্রশ্ন উঠতে পারে।

তবে সংবিধানের ৬৬(২এ) অনুচ্ছেদে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কোনো ব্যক্তি পরবর্তী সময়ে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তা ত্যাগ করার পর তার সাংবিধানিক অবস্থান সম্পর্কে বিশেষ বিধান রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট দুই ব্যক্তির নাগরিকত্বের ইতিহাস ও বর্তমান আইনগত অবস্থান যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তৃতীয় তফসিলে উল্লিখিত পদে নিয়োগ পাওয়া ব্যক্তিকে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ বা ঘোষণা করতে হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথে বাংলাদেশের প্রতি সত্যিকার বিশ্বাস ও আনুগত্য এবং সংবিধান সংরক্ষণ, রক্ষা ও প্রতিরক্ষার অঙ্গীকার রয়েছে।

নোটিশে দাবি করা হয়েছে, ড. খলিলুর রহমান ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার ক্ষেত্রে তিনি বর্তমানে বাংলাদেশের নাগরিক কি না, কখনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন কি না, বিদেশি পাসপোর্ট ধারণ করেছেন বা করেন কি না এবং কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ বা ঘোষণা দিয়েছেন কি না—এসব বিষয় যাচাই করা প্রয়োজন।

বিদেশি নাগরিকত্ব নিয়ে থাকলে তা কবে গ্রহণ ও কবে ত্যাগ করেছেন, সে তথ্যও যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

একইভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নাগরিকত্ব ও বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয়টিও পরীক্ষা করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া দুই মন্ত্রীর নাগরিকত্ব, পাসপোর্ট, অভিবাসন, জাতীয়তা, নাগরিকত্ব গ্রহণ বা ত্যাগসংক্রান্ত রেকর্ডসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ ও যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

তাদের নিয়োগ ও দায়িত্ব গ্রহণ সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও নির্ধারণের দাবি করা হয়েছে। কোনো সাংবিধানিক অযোগ্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, কোনো অযোগ্যতা না থাকলে সংশ্লিষ্ট দুই ব্যক্তির নিয়োগ ও দায়িত্বে বহাল থাকার সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রকাশ বা জানাতে বলা হয়েছে।

আইনজীবী আসলাম মিয়া বলেন, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিষয়টির বাস্তবসম্মত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হলে বা সাংবিধানিক প্রশ্ন অনিষ্পন্ন থাকলে তিনি উপযুক্ত বিচারিক ফোরামে আইনি প্রতিকার চাইবেন।

নোটিশে স্পষ্ট করা হয়েছে, এটি কোনো চূড়ান্ত অভিযোগ বা সিদ্ধান্ত নয়; বরং নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিক যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার উদ্দেশ্যেই নোটিশটি দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App