মাজারের খাদেম হত্যা
২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন মাসুদ রানা ও লিটন মিয়া। খালাস পাওয়া পাঁচ আসামি হলেন বিজয়, চান্দু, ইসাহাক, সাখাওয়াত ও সরোয়ার।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে কাউনিয়ার সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন।
পরে মামলার বিচার শেষে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেন।
ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট আজ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অপর পাঁচ আসামিকে খালাস দেন।
