×

আইন-বিচার

হত্যা মামলায় সাবেক ভিসি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

হত্যা মামলায় সাবেক ভিসি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্রে জানা যায়, কাফরুল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি ২০২৫ সালের ৫ মার্চ নথিভুক্ত করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার ও তৎকালীন সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে ছাত্র-জনতা আন্দোলনে নামে। আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলন দমনে সহিংসতার অভিযোগ ওঠে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, ১৫ জুলাই ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় আন্দোলন দমনে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। পরদিন ১৬ জুলাই সকালে ওই নির্দেশনার ভিত্তিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে দাবি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় পুলিশ ও দলীয় ক্যাডাররা আন্দোলন দমনের নামে গুলি চালায়। কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় বিভিন্ন ফ্ল্যাটে বসে গোপন বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনে সর্বাত্মক শক্তি প্রয়োগের পরিকল্পনা করা হয়েছিল বলেও আবেদনে দাবি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৮ জুলাই রাত ৮টা থেকে ১২টার মধ্যে আন্দোলনকারীদের ওপর অতর্কিত ও নির্বিচার হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মো. তরিকুল ইসলাম রুবেলসহ কয়েকজন নিহত এবং অনেকে আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তদন্তে কলিমউল্লাহর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে দাবি করে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন। ২০১৭ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জুনে তাঁর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০২৫ সালের ৭ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০২৬ সালের জুনে ওই দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান কলিমউল্লাহ। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় চলতি বছরের ৩০ জুলাই তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এরপর আইনি প্রক্রিয়ায় তিনি কারাগারে রয়েছেন।

এবার কাফরুল থানায় দায়ের করা আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট বর্তমানে কোন পর্যায়ে আছে?

পে-স্কেলের গেজেট বর্তমানে কোন পর্যায়ে আছে?

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

মক্কা জোটে নতুন কোনো দেশ যুক্ত হবে না

মক্কা জোটে নতুন কোনো দেশ যুক্ত হবে না

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App