খালি পেটে কফিতে চুমুক: শরীরের যেসব ভয়াবহ ক্ষতি হয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ঘুম থেকে উঠে এক কাপ কফিতে চুমুক না দিলে অনেকের সকালটা ঠিকভাবে শুরু হয় না! সকালের নাস্তা না করেই কফিতে চুমুক দেয়ার অভ্যাস কিন্তু মোটেই ভালো নয়। এতে হজমশক্তির সমস্যা হতে পারে। শুধু তা-ই নয়, পেট পরিষ্কার হওয়ার গোটা কাঠামোটাই এলোমেলো হয়ে যেতে পারে। দেখা দিতে পারে ‘ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম’ (আইবিএস)।
অনেকেই দুধ-চিনি দিয়ে কফি খেতে পছন্দ করেন। এই অভ্যাস আরো খারাপ। সকালের নাস্তা না করে সকালে খালি দুধ দিয়ে কফি খেলে আলসার হওয়ার সম্ভাবনাও প্রবল।
ঘুম থেকে উঠলে শরীরে কর্টিসোল হরমোন উৎপাদনের হার বৃদ্ধি পায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, খালি পেটে একটু বেশি মাত্রায় কফি খেলেই কর্টিসোল হরমোনের ক্ষরণ আরো বেড়ে যায়। এতেই ঘটে বিপত্তি। মানসিক চাপ বা ‘স্ট্রেস’-এর কারণ এই হরমোনটি।
ফলে সকালে উঠেই দু’ তিন কাপ কফি খেয়ে ফেললে মন ভালো হওয়ার বদলে মানসিক চাপ বেড়ে যায়। শরীরে স্বাভাবিক মাত্রায় কর্টিসোলে ক্ষরণ বিপাক হার, রক্তচপ আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তবে অত্যাধিক মাত্রায় এর ক্ষরণ হাড়ের ক্ষতি করে, উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস এমনকি হৃদ্রোগের ঝুঁকিও বাড়ায়।
আরো পড়ুন: বাগান পরিচর্যাতেও সাহায্য করে কফি! আর যত গুণ
সকালে ঘুম থেকে উঠে কফি খেলে বেশ তরতাজা লাগে। কফিতে থাকা ক্যাফেইন খুব সাময়িকভাবে শক্তির জোগান দিতে পারে। তবে ক্যাফেইন নামক পদার্থটি শরীরে পানির ঘাটতি ঘটায়। সকালে খালি পেটে কফি খেলে ডিহাইড্রেশনের মাত্রা আরো বেড়ে যেতে পারে। গ্রীষ্মের দিনে এই অভ্যাস শরীরের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। ফলে মাথা ঘুরতে পারে। এছাড়া পেশি শক্ত হয়ে যেতে পারে এবং অতিরিক্ত ক্লান্তি আসে।
