বৃষ্টির দিনে ঘরেই তৈরি করুন পারফেক্ট খিচুড়ি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত
টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ আর রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ির সুবাস—এই কম্বিনেশনের কোনো তুলনা হয় না! বৃষ্টির দিনে ঘরের বাইরে না গিয়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন জিভে জল আনা ডিম-খিচুড়ি বা ভুনা খিচুড়ি।
প্রয়োজনীয় উপকরণ:
চাল (পোলাও বা ভাতের চাল): ২ কাপ
ডাল (মুগ ও মসুর মিলিয়ে): ১ কাপ (মুগ ডাল হালকা ভেজে নিলে সুবাস ভালো আসে)
পেঁয়াজ কুচি: আধা কাপ
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
হলুদ ও মরিচ গুঁড়ো: ১ চা চামচ করে
জিড়ে গুঁড়ো: আধা চা চামচ
গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা): কয়েকটি
কাঁচামরিচ: ৫-৬টি
তেল বা ঘি: ৪ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
গরম পানি: সাড়ে ৫ কাপ থেকে ৬ কাপ
প্রস্তুত প্রণালী:
প্রথমে চাল ও ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পানি ভালোমতো ঝরে গেলে খিচুড়ি ঝরঝরে হয়। হাঁড়িতে তেল বা ঘি গরম করে গরম মসলা ও পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা সোনালী হয়ে এলে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, জিড়ে গুঁড়ো ও লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল ওপরে ভেসে উঠলে পানি ঝরিয়ে রাখা চাল-ডাল হাঁড়িতে ছেড়ে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট চাল-ডাল কষিয়ে ভাজুন, যতক্ষণ না সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এবার মেপে রাখা গরম পানি এবং কাঁচামরিচ দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। পানিতে বলক এসে যখন পানি ও চাল সমান সমান হয়ে আসবে, তখন হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে দিন। চুলার আঁচ একদম লো (নিভী নিভী) করে ১৫ মিনিটের জন্য দমে রাখুন।
ঢাকনা খুলে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে হালকা হাতে নেড়েচেড়ে নামিয়ে নিন ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি। এরপর মুচমুচে ডিম ভাজি বা বেগুন ভাজি, সরিষার তেল দিয়ে মাখানো আলু ভর্তা, পছন্দের আচার আর কাঁচা পেঁয়াজ প্লেটে নিয়ে জানালার পাশে বসে ঝুমঝুম বৃষ্টি দেখতে দেখতে উপভোগ করুন।
