×

সাহিত্য

অমর একুশে: মূল মঞ্চের আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২১ পিএম

অমর একুশে: মূল মঞ্চের আয়োজন

প্রতীকী ছবি

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বিশ্ববাঙালির সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আলম খোরশেদ। আলোচনায় অংশগ্রহণ করেন এএফএম হায়াতুল্লাহ, আ. আল মামুন ও জসিম মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম।

প্রাবন্ধিক বলেন, বিশ্ববাঙালি বলতে পুরো বিশ্বের বাঙালি সম্প্রদায়কেই বোঝানো হয়, যার মধ্যে বাঙালির সর্ববৃহৎ দুই ঠিকানা, বাংলাদেশ ও ভারতও অন্তর্ভুক্ত। এছাড়া, যে সব সাহিত্যিক দেশান্তরী হয়ে বিদেশে বসবাস করছেন এবং যারা বিদেশে অভিবাসনের পর সাহিত্যরচনা শুরু করেছেন তাদের সকলের সাহিত্যকেই বিশ্ববাঙালির সাহিত্য বলা যায়। এদের মধ্যে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, গবেষক, শিশুসাহিত্যিক, মুক্তিযুদ্ধ গবেষক, ভ্রমণ সাহিত্যিক, অনুবাদক, বিজ্ঞান লেখকসহ সবধরনের লেখকই রয়েছেন। তাদের লেখায় প্রবাসজীবনের বিচিত্র অভিজ্ঞতা, অনুভূতি, উপলব্ধি, স্বদেশের স্মৃতি-আখ্যান, অভিবাসী জীবনের সংগ্রাম, সংকট ও স্বপ্নের কথা প্রকাশিত হয়।

আলোচকরা বলেন, বিশ্ববাঙালির সাহিত্যে প্রতিনিধিত্বকারী অনেক কবি, লেখক ও সাহিত্যিক বিশ্বের নানা প্রান্তে বসবাস করছেন। তাদের সাহিত্যের বহুমাত্রিকতা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা ভাষায় রচিত গ্রন্থের প্রতি প্রবাসী বাঙালিদের যথেষ্ট আগ্রহ রয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাঙালিদের মধ্যেও বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববাঙালির সাহিত্যকে বেগবান করার ক্ষেত্রে অভিবাসী সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য।

সভাপতির বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, প্রবাসী লেখকরা তাদের লেখার মাধ্যমে স্মৃতিচারণ যেমন করেন, তেমনি বাংলা ভাষা ও বাংলাদেশের প্রতি ভালোবাসাও প্রকাশ করেন। দূরদর্শী চিন্তা ও বুদ্ধিবৃত্তিক গভীরতা সম্পন্ন লেখালেখির জন্য বিস্তৃত অধ্যয়ন প্রয়োজন। কিন্তু আমাদের প্রবাসীরা নানারকম সীমাবদ্ধতার মাঝে বসে সাহিত্য রচনা করেন। প্রবাসীরা যে ভাষাতেই লিখুন না কেন, তারা যেন মূল শেকড় থেকে বিচ্যুত না হন ও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা ধরে রাখতে পারেন।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন জাহিদ মুস্তাফা, মুমিত আল রশিদ, ফরিদ আহমদ দুলাল, আরেফিন রব।

কবিতা পাঠ করেন রোকেয়া ইসলাম, শেখর বরণ, সৌম্য সালেক, খসরু পারভেজ, সুবর্ণ আদিত্য, জান্নাতুল ফেরদৌসী ও থিউফিল নকরেক। আবৃত্তি পরিবেশন করেন সাইমুন আনজুম ইভান, সিদ্দিকুর রহমান পারভেজ, অনন্যা রেজওয়ানা ও ফারহানা তৃর্ণা। এছাড়া ছিল মিলন কান্তি দে’র রচনা ও নির্দেশনায় দেশ অপেরা যাত্রাপালার পরিবেশনা ‘বঙ্গবন্ধুর ডাকে’। সংগীত পরিবেশন করেন ডা. রেজাউর রহমান, মো. আলী হোসাইন, মীর তারিকুল ইসলাম, পল্লবী সরকার মালতী, ঝরনা রায় ভাবনা, মুন্নি কাদের, আঁখি আলম, আরিফ বাউল, কামাল আহমেদ, মো. আরিফুর রহমান চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App