×

গণমাধ্যম

সাভারে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৩৯ পিএম

সাভারে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

সাভারে গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তোফা সানির বিরুদ্ধে করা হত্যা মামলা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফা সানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃশর্তে অব্যহতি দেয়ার দাবি জানান।

এ সময় এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাঁধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একের পর এক ছাত্র-জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। 

তিনি বলেন, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, মামলাকে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না। 

ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়ে তুষার বলেন, আগামীতে আর কোন গণমাধ্যমকর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে। 

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যমকর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নাজমুল বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজ বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু। 

মানববন্ধনে এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, এসএটিভির সাভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আলমগীর হোসেন নীরব, দৈনিক সকালের সময়ের আহমেদ জীবন ও সহসম্পাদক ইমাম হোসেন, দৈনিক দেশ রূপান্তরের সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের লোটন আচার্য, জনকন্ঠের সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাইফুল ইসলাম, সাংবাদিক রওশন আলী, কাজী বিপ্লব, বিপ্লব শান্ত, রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জের কাছে একটি স্মারকলিপি দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক তোফা সানিকে ৭০ নম্বর আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয় লেখা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুলের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

ভুলের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

৬৬ খুনে আতঙ্কিত গোটা নগরী

৬৬ খুনে আতঙ্কিত গোটা নগরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App