সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে এই সম্প্রচার কার্যক্রম শুরু করে চ্যানেল ওয়ান।
চ্যানেল ওয়ানের এই পুনর্জন্মের মুহূর্তে ভোরের কাগজ পরিবারেরর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।
আগে চ্যানেলটি মিশ্রধর্মী বিনোদন ও সংবাদভিত্তিক থাকলেও, এবার পুরোপুরি সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে।
এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ—আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছিল।’
উল্লেখ্য, সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
দীর্ঘ ১৬ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে রায় দেন আদালত।
